নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:২৬, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৩৮, ১২ জানুয়ারি ২০২৬
দায়িত্ব ছাড়ার পর ৩টি কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
নির্বাচনের পর তার পরিকল্পনা নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকায় রবিবার (১১ জানুয়ারি) জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে আকিয়ে আবে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
প্রধান উপদেষ্টা নির্বাচন পরবর্তী সময়ে মূলত তিনটি ক্ষেত্রে কাজ করার ইঙ্গিত দেন।
প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে গুরুত্ব দেবেন, যাতে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো যায়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য জানার সুবিধা পাবেন।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখবেন।
তৃতীয়ত, থ্রি জিরো পদ্ধতি নিয়ে চলমান কাজ চালিয়ে যাবেন।
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের মতে, বৈঠকে প্রধান উপদেষ্টা প্রয়াত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তার সুসম্পর্কের স্মৃতিচারণ করেন।
আগামী নির্বাচনের পর, মার্চের তৃতীয় সপ্তাহে, সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা জাপান সফর করবেন। সেখানে তিনি একটি কনফারেন্সে অংশগ্রহণ করবেন এবং ওশিয়ান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন।