জাপানের সরকারি পেনশন তহবিলের তথ্য প্রকাশ

জাপানের সরকারি পেনশন তহবিলের তথ্য প্রকাশ

জাপানের সরকারি পেনশন তহবিলের (Public Pension Reserve) বাজারমূল্য ২০২৫ অর্থবছরের শেষে ইতিহাসে প্রথমবারের মতো ৩০২ ট্রিলিয়ন ৫৮৯ দশমিক ৩ বিলিয়ন ইয়েনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় শুক্রবার প্রকাশিত বার্ষিক হিসাব বিবরণীতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের তুলনায় পেনশন তহবিলের মূল্য ৪২ ট্রিলিয়ন ৫১৩ দশমিক ৬ বিলিয়ন ইয়েন বেড়েছে। শেয়ারবাজারের ঊর্ধ্বগতি এবং ইয়েনের দরপতনের কারণে বিনিয়োগে বড় ধরনের মুনাফা হওয়ায় এই রেকর্ড অর্জিত হয়েছে। জাপানের সরকারি পেনশন তহবিল পরিচালনাকারী সংস্থা গভর্নমেন্ট পেনশন ইনভেস্টমেন্ট ফান্ড (GPIF) ২০২৫ অর্থবছরে ৪১ ট্রিলিয়ন ৩৯৯ দশমিক ৫ বিলিয়ন ইয়েন বিনিয়োগ মুনাফা করেছে। এর ফলে সংস্থাটির মোট পরিচালিত সম্পদের পরিমাণ বেড়ে ২৯৩ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৪৪ ট্রিলিয়ন ইয়েন বেশি।