ঢাকা ডেস্ক

প্রকাশ: ২৩:২২, ৮ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগ ’নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি কেন বহাল রাখলো?

আওয়ামী লীগ ’নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি কেন বহাল রাখলো?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে 'কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ ও তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের' সুযোগ রেখে যে অধ্যাদেশ জারি হয়েছিল, সেটিকে এখন বিএনপি সরকারের সময় 'সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল, ২০২৬' হিসেবে জাতীয় সংসদে পাস করা হয়েছে।

২০২৫ সালের ১১ই মে তারিখে 'সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯' সংশোধন করে ওই অধ্যাদেশ জারি করে পরদিনই এর ভিত্তিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অধ্যাদেশটি বিল আকারে সংসদে পাশ করল। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতির স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

ফলে বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর 'দায়' বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করছেন।

কিন্তু প্রশ্ন হলো, দেশের রাজনৈতিক বাস্তবতায় সত্যিই কী রাজনৈতিক দল কিংবা দলের কার্যক্রম নিষিদ্ধের দায় বিএনপি নিজেই কাঁধে তুলে নিল?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

সিনিয়র আইনজীবী শাহদীন মালিক অবশ্য বলছেন, 'বিএনপির এমন পদক্ষেপ ভবিষ্যতেও একই কায়দায় দল বা দলীয় কার্যক্রম নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করল'।

তবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলছেন, সরকার যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এবং এতে 'দায়'-এর কোনো প্রশ্নই নেই বলে মনে করেন তিনি।