টোকিও টেলিগ্রাম ডেস্ক
প্রকাশ: ১৩:১৮, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:২১, ১৩ জানুয়ারি ২০২৬
দক্ষিণ এশিয়ার ৪ দেশকে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করলো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া দক্ষিণ এশিয়ার চারটি দেশ—ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটানকে শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ (High Risk) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে। এর ফলে এসব দেশ থেকে আসা শিক্ষার্থী ভিসা আবেদনের যাচাই-বাছাই আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির মোট সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই এসেছিল এই চার দেশ থেকে। শিক্ষার্থী ভিসা ব্যবস্থাপনায় ঝুঁকি নিয়ন্ত্রণ ও ভিসা অপব্যবহার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছে অস্ট্রেলিয়ার সরকার।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “প্রকৃত শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ঝুঁকি আরও কার্যকরভাবে মোকাবেলা করতেই এই পরিবর্তন আনা হয়েছে।” তিনি আরও বলেন, এই পদক্ষেপ মানসম্পন্ন শিক্ষার জন্য আগ্রহী প্রকৃত শিক্ষার্থীদের জন্যই ইতিবাচক হবে।
মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, সরকার চায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা আস্থা রাখুক যে তারা অস্ট্রেলিয়ার একটি উচ্চমানের শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ করছে এবং তাদের আবেদন যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে।
তবে এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন বিভাগের সাবেক উপ-সচিব ড. আবুল রিজভী। তিনি বলেন, “সাধারণত এই ধরনের ঝুঁকিভিত্তিক ক্যাটাগরি বছরে একবার হালনাগাদ করা হয়। হঠাৎ করে এমন পরিবর্তন বিরল।”
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পথ আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।