টোকিও টেলিগ্রাম ডেস্ক

প্রকাশ: ২৩:২৫, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:২৫, ৩১ মার্চ ২০২৬

জাপান–ইন্দোনেশিয়ার জ্বালানি ও দুর্যোগ সহযোগিতা জোরদার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ

জাপান–ইন্দোনেশিয়ার জ্বালানি ও দুর্যোগ সহযোগিতা জোরদার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ

জাপানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার জাপান ও ইন্দোনেশিয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)সহ স্থিতিস্থাপক জ্বালানি সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা এবং দুর্যোগ প্রতিরোধে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।

কিয়োডো নিউজ জানায়, জাপানের রাজধানী টোকিওতে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠকে বসেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তো। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলায় ঘনিষ্ঠ ঐক্যের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল ব্যাহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর তেহরান অন্তত ছয়টি উপসাগরীয় দেশে অবস্থিত মার্কিন-সমর্থিত ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এতে এশিয়ায় তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৈঠকে তাকাইচি বলেন, জাপান কৃত্রিম বুদ্ধিমত্তা–সম্পর্কিত মানবসম্পদ উন্নয়নে ইন্দোনেশিয়াকে সহায়তা করবে এবং ইন্দোনেশীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সক্ষমতা বাড়াতে সহযোগিতা দেবে। তিনি বলেন, “জাপান ও ইন্দোনেশিয়া পূর্ণাঙ্গ ও কৌশলগত অংশীদার, যারা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।”

অন্যদিকে প্রাবোবো এই দ্বিপাক্ষিক সম্পর্ককে অন্যান্য দেশের জন্য “অনুকরণীয়” মডেল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি “বিপদসংকুল” এবং এ অবস্থায় জাপান ও ইন্দোনেশিয়ার “একসাথে চলা” প্রয়োজন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দেশ বিদ্যুৎ উৎপাদনের জন্য ভূ-তাপীয় শক্তি ও বর্জ্য ব্যবহারের ক্ষেত্রেও যৌথভাবে কাজ করবে।