টোকিও টেলিগ্রাম ডেস্ক
প্রকাশ: ২৩:১২, ১১ এপ্রিল ২০২৬
ডিপ পার্পলের ড্রামারের সামনে জাপানের প্রধানমন্ত্রী: ‘আপনিই আমার ঈ
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড ‘ডিপ পার্পল’-এর কট্টর ভক্ত হিসেবে তাঁর খ্যাতি আগে থেকেই ছিল। তবে এবার সরাসরি প্রিয় ব্যান্ডের সদস্যদের সামনে পেয়ে আবেগে আপ্লুত হলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গত শুক্রবার ব্যান্ডটির সদস্যদের সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাতে তাঁর এই অনুরাগী রূপটি ফুটে ওঠে।
পেশাদার জীবনে কড়া মেজাজের রাজনীতিবিদ হলেও ব্যক্তিগত জীবনে তাকাইচি একজন দক্ষ অপেশাদার ড্রামার। সাক্ষাতের সময় ড্রামার ইয়ান পেইসকে জাপানে তৈরি একজোড়া ড্রামস্টিক উপহার দেন তিনি। উপহার দেওয়ার সময় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী সরাসরি ইয়ান পেইসকে বলেন, ‘আপনিই আমার ঈশ্বর।’
সাক্ষাৎকারে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী ব্যান্ড সদস্যদের জানান, সেই প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তিনি ডিপ পার্পলের বিখ্যাত অ্যালবাম ‘মেশিন হেড’ কিনেছিলেন। হাইস্কুলে তিনি একটি ট্রিবিউট ব্যান্ডের কিবোর্ড বাজাতেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ড্রাম বাজানো শুরু করেন।
প্রধান গায়ক ইয়ান গিলানসহ অন্য সদস্যদের সঙ্গে ফটোসেশনের সময় প্রধানমন্ত্রী বেশ রসিকতাও করেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘আজকাল স্বামীর সঙ্গে ঝগড়া হলে আমি ডিপ পার্পলের ‘বার্ন’ গানের সঙ্গে ড্রাম বাজিয়ে রাগ মেটাই।’
গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে অভ্যন্তরীণ অর্থনীতি, মুদ্রাস্ফীতি এবং মধ্যপ্রাচ্য সংকটের মতো জটিল সব ভূ-রাজনৈতিক বিষয় সামলাতে হচ্ছে তাকাইচিকে। এর মধ্যে প্রিয় ব্যান্ডের সঙ্গে এই সাক্ষাৎ তাঁর জন্য এক স্বস্তিদায়ক বিরতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দোভাষীর মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যেভাবে আজও নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে মনমুগ্ধকর গান তৈরি করছেন, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’
জাপানের সঙ্গে ডিপ পার্পলের সম্পর্ক দীর্ঘ অর্ধশতাব্দীর। ১৯৭২ সালে প্রথম সফরের সময় রেকর্ড করা তাদের ‘মেড ইন জাপান’ অ্যালবামটি রক সংগীতের ইতিহাসে একটি মাইলফলক। সেই ধারাবাহিকতায় আজ শনিবার টোকিওর নিপ্পন বুডোকানে কনসার্টের মাধ্যমে ব্যান্ডটি তাদের ২০২৬ সালের জাপান সফর শুরু করবে।