টোকিও টেলিগ্রাম ডেস্ক

প্রকাশ: ২৩:৫৩, ১৪ এপ্রিল ২০২৬

জাপানে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমার গতি মন্থর, লক্ষ্য অর্জনে চাপ

জাপানে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমার গতি মন্থর, লক্ষ্য অর্জনে চাপ

২০২৪ অর্থবছরে জাপান-এর গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের গতি মন্থর হয়েছে। দেশটির সরকার মঙ্গলবার জানিয়েছে, এ সময়ে কার্যকরভাবে ৯৯৪ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড সমতুল্য গ্যাস নির্গমন হয়েছে, যা নির্ধারিত বার্ষিক পরিকল্পনার চেয়ে প্রায় ১৫ মিলিয়ন টন বেশি।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৩ অর্থবছরকে ভিত্তি ধরে ২০২৫ সালের মার্চ পর্যন্ত জাতীয় নির্গমন ২৮.৭ শতাংশ কমেছে। এটি এ পর্যন্ত সর্বনিম্ন পর্যায় এবং প্রথমবারের মতো মোট নির্গমন ১ বিলিয়ন টনের নিচে নেমে এসেছে।

তবে এই অগ্রগতি সত্ত্বেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করায়, ২০২২ অর্থবছরের পর দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তীকালীন লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে দেশটি।

পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বছরভেদে নির্গমন হ্রাসে ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে এবং চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথেই রয়েছে জাপান।

সরকারের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে নিট-শূন্য নির্গমন অর্জনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে ২০১৩ সালের তুলনায় ২০৩৫ অর্থবছরে নির্গমন ৬০ শতাংশ এবং ২০৪০ অর্থবছরে ৭৩ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে পরিবেশমন্ত্রী হিরোতাকা ইশিহারা বলেন, নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত পদক্ষেপগুলো আরও জোরদার ও কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বনভূমির গাছের বয়স বৃদ্ধির কারণে কার্বন শোষণের সক্ষমতা কিছুটা কমেছে। ২০২৪ অর্থবছরে স্থলজ বন বাস্তুতন্ত্রের কার্বন শোষণ কমে দাঁড়িয়েছে ৫২.৩০ মিলিয়ন টনে।

অন্যদিকে, উপকূলীয় ও সামুদ্রিক বাস্তুতন্ত্রের কার্বন শোষণ প্রায় অপরিবর্তিত রয়েছে, যার পরিমাণ ৩ লাখ ২০ হাজার টন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিশ্লেষকদের মতে, নির্গমন কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বন ব্যবস্থাপনায় নতুন কৌশল গ্রহণ এখন জাপানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।