টোকিও টেলিগ্রাম ডেস্ক

প্রকাশ: ২৩:৪১, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৪১, ২৪ এপ্রিল ২০২৬

ইওয়াতে দাবানল শহরের দিকে, নিরাপদে সরে যেতে নির্দেশ

ইওয়াতে দাবানল শহরের দিকে, নিরাপদে সরে যেতে নির্দেশ

উত্তর জাপানের ইওয়াতে প্রিফেকচার-এ ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে একটি শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় কর্তৃপক্ষ ২,৫০০ জনেরও বেশি বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সরকারি মুখপাত্র মিনোরু কিহারা শুক্রবার সাংবাদিকদের জানান, দুই দিন আগে আগুন লাগার পর থেকে প্রিফেকচারের পার্বত্য অঞ্চলে ইতোমধ্যে ৪০০ হেক্টরেরও বেশি এলাকা পুড়ে গেছে।

সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ওৎসুচি শহর, যেখানে আগুন ধীরে ধীরে আবাসিক এলাকাগুলোর দিকে এগিয়ে আসছে। আশপাশের বনাঞ্চল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান শুষ্ক শীতকাল দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এর আগে গত বছরের শুরুতে একই প্রিফেকচারের ওফুনাতো শহরে সংঘটিত অগ্নিকাণ্ড ছিল গত অর্ধ শতাব্দীর মধ্যে জাপানের সবচেয়ে বড় দাবানলগুলোর একটি।

আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। প্রায় ৭০০ দমকলকর্মী এবং ১৩টি বিমান মোতায়েন করা হয়েছে বলে জানান কিহারা।

সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, শুক্রবার ভোর ৫টা পর্যন্ত অন্তত ৩২৯ জন বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।

একজন স্থানীয় দমকলকর্মী টিভি আসাহি-কে জানান, “শব্দটা ছিল ভয়ংকর। দেবদারু গাছগুলো পুড়তে পুড়তে ফেটে যাচ্ছিল, আর আগুন ও ধোঁয়া আকাশে উড়ছিল।”

পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।