প্রকাশ: ২২:৫১, ৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:১৪, ৭ আগস্ট ২০২৬
জাপানের সরকারি পেনশন তহবিলের তথ্য প্রকাশ
জাপানের সরকারি পেনশন তহবিলের (Public Pension Reserve) বাজারমূল্য ২০২৫ অর্থবছরের শেষে ইতিহাসে প্রথমবারের মতো ৩০২ ট্রিলিয়ন ৫৮৯ দশমিক ৩ বিলিয়ন ইয়েনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় শুক্রবার প্রকাশিত বার্ষিক হিসাব বিবরণীতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের তুলনায় পেনশন তহবিলের মূল্য ৪২ ট্রিলিয়ন ৫১৩ দশমিক ৬ বিলিয়ন ইয়েন বেড়েছে। শেয়ারবাজারের ঊর্ধ্বগতি এবং ইয়েনের দরপতনের কারণে বিনিয়োগে বড় ধরনের মুনাফা হওয়ায় এই রেকর্ড অর্জিত হয়েছে।
জাপানের সরকারি পেনশন তহবিল পরিচালনাকারী সংস্থা গভর্নমেন্ট পেনশন ইনভেস্টমেন্ট ফান্ড (GPIF) ২০২৫ অর্থবছরে ৪১ ট্রিলিয়ন ৩৯৯ দশমিক ৫ বিলিয়ন ইয়েন বিনিয়োগ মুনাফা করেছে। এর ফলে সংস্থাটির মোট পরিচালিত সম্পদের পরিমাণ বেড়ে ২৯৩ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৪৪ ট্রিলিয়ন ইয়েন বেশি।
এর মধ্যে কোম্পানির কর্মীদের জন্য পরিচালিত কোসেই নেনকিন (Employees’ Pension) তহবিলের মূল্য বেড়ে ২৮৮ ট্রিলিয়ন ৯৬২ দশমিক ৩ বিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৪১ ট্রিলিয়ন ২০০ দশমিক ৫ বিলিয়ন ইয়েন বেশি। এই তহবিল টানা ষষ্ঠ বছরের মতো বৃদ্ধি পেয়েছে। মজুরি বৃদ্ধির ফলে বীমা প্রিমিয়াম থেকে আয় বেড়েছে এবং খণ্ডকালীন কর্মীদের অংশগ্রহণ বাড়ায় বীমাগ্রহীতার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, কোম্পানির বাইরে কর্মরত নাগরিকদের জন্য পরিচালিত কোকুমিন নেনকিন (National Pension) তহবিলের মূল্য বেড়ে ১৩ ট্রিলিয়ন ৬২৭ বিলিয়ন ইয়েনে পৌঁছেছে। দুই বছর পর এই তহবিলে আবারও প্রবৃদ্ধি দেখা গেছে। যদিও বীমাগ্রহীতার সংখ্যা কমেছে, তবুও ঘাটতি পূরণে জিপিআইএফ থেকে বেশি অর্থ স্থানান্তর করায় তহবিলের পরিমাণ বেড়েছে।
এক অর্থবছরের আয়-ব্যয়ের হিসাবে দেখা গেছে, কোসেই নেনকিনে ১ ট্রিলিয়ন ৭৬৫ দশমিক ৩ বিলিয়ন ইয়েন এবং কোকুমিন নেনকিনে ৭০ দশমিক ৯ বিলিয়ন ইয়েন উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছে।
জাপান সরকারের মতে, শক্তিশালী বিনিয়োগ মুনাফা, শেয়ারবাজারের ইতিবাচক ধারা এবং ধারাবাহিক মজুরি বৃদ্ধি দেশটির সরকারি পেনশন তহবিলকে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সূত্র: সানকেই শিমবুন