ইসলামাবাদ ডেস্ক
প্রকাশ: ২২:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩১, আহত ১৭০
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত এবং প্রায় ১৭০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত ইমামবারগাহ খাদিজাতুল কুবরা মসজিদে।
স্থানীয় পুলিশ জানায়, হামলাকারী মসজিদের প্রবেশমুখে থামানো হলে সে বিস্ফোরক উড়িয়ে দেয়। বিস্ফোরণের পর ইসলামাবাদ এবং পাশের রাওয়ালপিন্ডির প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানান, বিস্ফোরণের সময় মসজিদের চত্বর চিৎকার, ধোঁয়া ও অরাজকতায় পূর্ণ হয়ে ওঠে। কেয়ারটেকার সৈয়দ আশফাক বলেন, “আমি পৌঁছানোর আগেই বিস্ফোরণ হয়ে যায়। চারদিকে মরদেহ পড়ে ছিল, অনেকের হাত-পা কেটে গিয়েছিল। গুরুতর আহতদের আমরা নিজেদের গাড়িতে হাসপাতালে নিয়ে যাই।”
হামলায় আহত জাহিদ আলী জানান, তিনি নামাজের প্রথম রাকাত শেষে সিজদায় ছিলেন। “বিস্ফোরণ এত ভয়াবহ ছিল যে চারদিকে চিৎকার ও আর্তনাদ শুরু হয়, পুরো জায়গা ধোঁয়ায় ঢেকে যায়।”
জাহিদ আলীর চাচাতো ভাই জাওয়াদ খান বলেন, তিনি মসজিদে একটু দেরিতে প্রবেশ করেন। “পাহারাদারের ওপর হামলার পর হামলাকারী ভেতরে ঢুকে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। সেই সময় আরও গুলির শব্দ শোনা গেছে।”
অন্য আহত ব্যক্তি জহির আব্বাস জানান, প্রথম রাকাতের সময় দু'টো গুলির শব্দ শুনেছেন, এরপর হঠাৎ বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।