দিল্লি ডেস্ক
প্রকাশ: ২৩:২৫, ২৫ এপ্রিল ২০২৬
মণিপুর রাজ্য কেন তিন বছর ধরে জ্বলছে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। চলতি মাসের শুরুর দিকে একটি বোমা বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়। এর মাধ্যমে গত কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতি আবার অশান্ত হয় ওঠে।
মিয়ানমারের সঙ্গে মণিপুরের ৪০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। রাজ্যটি এখন চরমভাবে বিভক্ত। রাজ্যের উপত্যকায় বসবাসকারী হিন্দুধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠী এবং পাহাড়ে বসবাসকারী প্রধানত খ্রিষ্টান কুকি-জো সম্প্রদায়ের মধ্যে মূলত এই দ্বন্দ্ব চলছে।
সাম্প্রতিক এ সহিংসতা তিন বছর ধরে চলা গৃহযুদ্ধেরই নতুন অধ্যায়। এ সংঘাত রাজ্যটিকে লন্ডভন্ড করে দিয়েছে। সাধারণ মানুষ এখন চরম বিচ্ছিন্নতার মধ্যে বাস করছে। দীর্ঘ এ লড়াই বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে।
মণিপুরে প্রতিটি বিদ্রোহী গোষ্ঠীর ভূখণ্ড নিয়ে বড় বড় দাবি রয়েছে। তাদের প্রত্যেকের মানচিত্র একটির ওপর আরেকটি গিয়ে পড়ছে। এর ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।
সম্রাট চৌধুরী, লেখক
গত তিন বছরের মধ্যে রাজ্যটিতে এক বছর কেন্দ্রীয় শাসন জারি ছিল। মণিপুরে বর্তমানে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় রয়েছে। পরিস্থিতি সামাল দিতে দলটি তাদের মুখ্যমন্ত্রীও পরিবর্তন করেছে। কিন্তু কোনো পদক্ষেপই সংঘাত মেটাতে পারেনি। রাজ্যটিতে শত শত বছর ধরে পাশাপাশি বসবাস করা দুটি সম্প্রদায়ের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘুচিয়ে দেওয়া সম্ভব হয়নি।
৭ এপ্রিল সর্বশেষ সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন। ১২ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।