ডেস্ক

প্রকাশ: ২৩:৫১, ৭ আগস্ট ২০২৬

থাইল্যান্ডে বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত ৭ জন নিহত

থাইল্যান্ডে বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত ৭ জন নিহত

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় হামলাকারী শিক্ষার্থীসহ অন্তত ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রয়াই জেলার ডেবসিরিন ননথাবুরি স্কুলে ঘটে। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী, যিনি ওই স্কুলেরই একজন শিক্ষার্থী ছিলেন, আত্মহত্যা করেন।

থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব আরসিত সাম্পান্থারাত জানান, হামলার খবর ছড়িয়ে পড়ার পরও বন্দুকধারী কিছু সময় বিদ্যালয়ের ভেতরেই অবস্থান করছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গুলির শব্দ শোনার পর অনেক শিক্ষার্থী একটি শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। পরে পুলিশ সদস্যরা এসে তাদের নিরাপদে ভবন থেকে বের করে নিয়ে যান।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর প্রকাশিত ছবিতে বিদ্যালয়ের বাইরে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকদের একে অপরকে সান্ত্বনা দিতে দেখা যায়। এ সময় পুলিশ ও জরুরি সেবাকর্মীরা পুরো এলাকা ঘিরে তল্লাশি চালান।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে বিদ্যালয়টিতে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক ছিলেন। থাই রাজপরিবারের প্রতিষ্ঠিত ডেবসিরিন স্কুল নেটওয়ার্কের অংশ এই বিদ্যালয়টি দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিকরাও রয়েছেন।

পুলিশ হামলার উদ্দেশ্য ও ঘটনার বিস্তারিত কারণ তদন্ত করছে।