স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:২০, ১১ মার্চ ২০২৬
নাহিদ রানাই পার্থক্য গড়ে দিয়েছে, উইকেট ভালো ছিল—পাকিস্তান কোচ
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পর উইকেটকে দোষ না দিয়ে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকেই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন।
বুধবার (১১ মার্চ) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়। পরে ১৫ ওভার ১ বলেই লক্ষ্য পূরণ করে সহজ জয় তুলে নেয় টাইগাররা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচ বলেন, উইকেট নিয়ে তার কোনো অভিযোগ নেই। তার মতে, উইকেট ভালো আচরণ করেছে এবং খেলার উপযোগী ছিল। তবে বাংলাদেশের পেসার নাহিদ রানা বোলিংয়ে এসে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন।
হেসন বলেন, নাহিদ খুব কার্যকরভাবে উইকেট টু উইকেট বল করেছেন এবং তার বোলিংয়ে গতি ও বৈচিত্র ছিল। পাকিস্তানের ব্যাটাররা সেই চ্যালেঞ্জের জবাব দিতে পারেনি বলেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে দলটি।
এই ম্যাচে নাহিদ রানা ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। তার পারফরম্যান্সের প্রশংসা করে হেসন বলেন, টেলিভিশনে নাহিদকে অনেকবার দেখলেও এবার প্রথমবার তাকে সরাসরি খেলতে দেখেছেন। তার মতে, নাহিদ বলকে জোরে উইকেটে ফেলতে পারে, সিম ভালোভাবে ব্যবহার করে এবং মাঝে মাঝে ক্রস-সিমও করে—যা তাকে সম্ভাবনাময় পেসার হিসেবে আলাদা করে তোলে।
নিজেদের ব্যাটিং পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন পাকিস্তান কোচ। তিনি বলেন, শুধু তরুণ ক্রিকেটাররা নয়, অভিজ্ঞ ব্যাটাররাও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ভালো বোলিংয়ের মুখে দলটি নিজেদের দক্ষতা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।
তবে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন হেসন। তার মতে, তরুণ ক্রিকেটারদের শেখার জন্য সময় ও সুযোগ দিতে হবে এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই তারা পরিণত হয়ে উঠবে।