স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:৩৯, ১৮ মার্চ ২০২৬

তুরস্ক সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবলাররা

তুরস্ক সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবলাররা

অস্ট্রেলিয়া সফর শেষে নিজ দেশে ফিরতে শুরু করেছেন ইরানের নারী ফুটবল দলের সদস্যরা। তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণের পর সড়কপথে গুরবুলাক সীমান্ত দিয়ে তাদের ইরানে নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে মঙ্গলবার তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ইগদিরে যান দলের সদস্যরা।

তুর্কি গণমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরে প্রয়োজনীয় কাস্টমস কার্যক্রম শেষ করে পুলিশের নিরাপত্তায় তারা স্থান ত্যাগ করেন এবং পরে স্থলপথে সীমান্তের দিকে রওনা দেন।

এর আগে নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে জাতীয় সংগীত পরিবেশন না করার ঘটনায় দলটির কয়েকজন খেলোয়াড় আলোচনায় আসেন। ওই ঘটনার পর সাতজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন বলে জানা যায়। তবে পরে তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করে সতীর্থদের সঙ্গে দেশে ফেরার পথ বেছে নেন।

এদিকে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, পরিবারের ওপর সম্ভাব্য চাপ বা হুমকির কারণে কিছু খেলোয়াড় দেশে ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।