স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:১১, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ২২:১১, ২৭ মার্চ ২০২৬

বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে বাড়ি বিক্রি করছেন ইংল্যান্ডের এক ‘সুপারফ্যান’

বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে বাড়ি বিক্রি করছেন ইংল্যান্ডের এক ‘সুপারফ্যান’

ফুটবলের প্রতি ভালোবাসা কতটা গভীর হলে কেউ নিজের বাড়ি বিক্রি করতে পারেন—তারই ব্যতিক্রমী উদাহরণ দেখালেন ইংল্যান্ডের সমর্থক অ্যান্ডি মিলনে। ৬২ বছর বয়সী এই ফুটবলপ্রেমী ১৯৮২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ছেলেদের আটটি ও মেয়েদের একটি—মোট নয়টি ফিফা বিশ্বকাপ সরাসরি গ্যালারিতে বসে দেখেছেন। এবার সামনে দশম বিশ্বকাপ দেখার সুযোগ, যা কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপকে ধরা হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল আসরগুলোর একটি। তবুও খরচের বিষয়টি উপেক্ষা করে মিলনে সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রে গিয়ে পুরো টুর্নামেন্ট উপভোগ করবেন। সেই লক্ষ্যেই অর্থ জোগাড় করতে চেশায়ারের নর্থউইচে থাকা নিজের দ্বিতীয় বাড়িটি বিক্রির জন্য বাজারে তুলেছেন তিনি। বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।

বর্তমানে থাইল্যান্ডে বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মিলনে ইংল্যান্ড দলের নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে পরিচিত। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি পরে প্রতীকী বিশ্বকাপ ট্রফি হাতে তার একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তুলেছিল।

বাড়ি বিক্রির বিষয়ে মিলনে বলেন, কাতার বিশ্বকাপ ছিল নিজের জন্য জমিয়ে রাখা দীর্ঘদিনের সঞ্চয়ের ফল। তবে প্রায় ২৭ বছর ধরে মালিকানায় থাকা এই বাড়িটি বিক্রি করে এবার বিশ্বকাপ দেখার খরচ জোগাড় করাই তার কাছে সেরা সিদ্ধান্ত বলে মনে হয়েছে।

আগামী আসরে প্রায় সাত সপ্তাহ যুক্তরাষ্ট্রে অবস্থান করার পরিকল্পনা করেছেন তিনি। ফাইনাল পর্যন্ত সম্ভাব্য ম্যাচগুলোর টিকিটও ইতোমধ্যে সংগ্রহ করেছেন। আবাসনের খরচ কমাতে পরিচিতদের বাসায় থাকার পরিকল্পনাও করেছেন মিলনে। তার মতে, মেক্সিকো, ডালাস ও ভ্যানকুভারে বন্ধু থাকায় এই ব্যবস্থা করা সহজ হবে।