ইসলামাবাদ ডেস্ক
প্রকাশ: ১৯:২৬, ৩০ জানুয়ারি ২০২৬
পাকিস্তানে সেনা অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর পৃথক অভিযানে মোট ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা ভারত সমর্থিত ‘ফিতনা আল খারেজি’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বেলুচিস্তানের হার্নাই ও পাঞ্জগুর জেলায় দুটি পৃথক অভিযান চালানো হয়।
আইএসপিআরের তথ্যমতে, হার্নাই জেলায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযানে তীব্র গোলাগুলিতে ৩০ জন সন্ত্রাসী নিহত হন। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র উদ্ধার করে সেগুলো ধ্বংস করা হয়।
অন্যদিকে, পাঞ্জগুর জেলায় অভিযানে ‘ফিতনা আল হিন্দুস্তান’-সংশ্লিষ্ট আরও ১১ জন সন্ত্রাসী নিহত হয়। তাদের কাছ থেকে ব্যাংক থেকে লুট করা অর্থ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র সেখানেই ধ্বংস করে দেওয়া হয়।
আইএসপিআর জানায়, নিহতরা এর আগেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।