ইসলামাবাদ ডেস্ক
প্রকাশ: ১৩:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২৬
বালুচিস্তানে ধারাবাহিক হামলা ও পাল্টা অভিযানে নিহত শতাধিক
পাকিস্তান সরকার জানিয়েছে, কোয়েটাসহ বালুচিস্তানের বিভিন্ন শহরে চালানো সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে অন্তত ৩৭ জন ‘জঙ্গি’ এবং ১০ জন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। তবে দেশটির সেনাবাহিনীর দাবি, শনিবারের পাল্টা অভিযানে নিহত ‘জঙ্গির’ সংখ্যা ৬৭ জন।
নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, শাবান ও পাঞ্জগুরে চালানো অভিযানে আরও ৪১ জন নিহত হয়েছেন। এতে করে দুই দিনে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে বলে বিবিসি উর্দুর খবরে উল্লেখ করা হয়েছে।
বিবিসির পাওয়া তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও এখনো পর্যন্ত পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, খারানে মালাজাই ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান মীর শাহিদ গুলের বাড়িতে হামলার ঘটনায় শাহিদ গুলসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলার সময় তার বাড়ি ও গাড়িতে আগুন দেওয়া হয়।
এদিকে নিরাপত্তা সূত্রগুলো আরও জানায়, খুজদারে একটি পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনটি শিশু রয়েছে।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজধানী কোয়েটাসহ একাধিক শহরে সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। কোয়েটা ছাড়াও মাসতুং, পাসনি, গোয়াদার, খারান, নশকি ও মাখ শহরে হামলার ঘটনা ঘটেছে।
তবে এসব হামলা ও অভিযানের বিস্তারিত তথ্য এখনো সরকারি পর্যায়ে প্রকাশ করা হয়নি।
বিবিসি সংবাদদাতা মুহাম্মদ কাজিম জানান, শনিবার সকাল ছয়টার দিকে কোয়েটায় হামলা শুরু হয়। সে সময় সন্ত্রাসীরা রেড জোনসংলগ্ন সারিয়াব সড়ক ও হাজারগানজি এলাকা থেকে ইধি চক পর্যন্ত বিভিন্ন স্থানে হামলা চালায়।