লন্ডন ডেস্ক
প্রকাশ: ১৫:১১, ২ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টিন নথিতে নাম, লেবার ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
যৌন অপরাধী জেফরি এপস্টিন–সম্পর্কিত নতুন প্রকাশিত নথিতে নাম আসার পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন। তিনি জানিয়েছেন, দলের জন্য নতুন করে কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চান না বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে নতুন নথি প্রকাশ করেছে, সেখানে লর্ড ম্যান্ডেলসনের নাম উঠে আসে। নথি অনুযায়ী, ২০০৩ ও ২০০৪ সালে এপস্টিন তিন দফায় ২৫ হাজার ডলার করে মোট ৭৫ হাজার ডলার লর্ড ম্যান্ডেলসনকে দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।
এর আগে এপস্টিনের সঙ্গে অতীতে যোগসূত্র থাকার অভিযোগে গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।
লেবার পার্টির জেনারেল সেক্রেটারিকে পাঠানো চিঠিতে লর্ড ম্যান্ডেলসন বলেন, এই সপ্তাহান্তে জেফরি এপস্টিনকে ঘিরে তৈরি হওয়া ক্ষোভের সঙ্গে আমি আবারও জড়িয়ে পড়েছি। এতে আমি অনুতপ্ত এবং দুঃখিত।
তবে অর্থ গ্রহণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কুড়ি বছর আগে আমাকে অর্থ দেওয়ার যে দাবি করা হচ্ছে, আমি সেটিকে মিথ্যা বলেই বিশ্বাস করি। এর কোনো প্রমাণ নেই এবং আমি এমন কিছু মনে করতে পারছি না। বিষয়টি যাচাই করা প্রয়োজন।
চিঠিতে তিনি আরও লেখেন, “এই প্রক্রিয়ায় লেবার পার্টির জন্য নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চাই না। সে কারণেই আমি দলের সদস্যপদ থেকে সরে যাচ্ছি।
লর্ড ম্যান্ডেলসন বলেন, যেসব নারী ও মেয়েদের কথা অনেক আগেই শোনা উচিত ছিল, তাদের কাছে আবারও ক্ষমা চাইছি। আমি সারাজীবন লেবার পার্টির আদর্শ ও সাফল্যের জন্য কাজ করেছি। এই সিদ্ধান্ত দলের স্বার্থেই নিয়েছি বলে মনে করি।
এর আগে রোববার তিনি জানিয়েছিলেন, নতুন প্রকাশিত নথিগুলো কতটা বস্তুনিষ্ঠ—তা তিনি নিশ্চিত নন। একই সঙ্গে এপস্টিনের সঙ্গে পরিচিত হওয়ার জন্যও তিনি পুনরায় দুঃখ প্রকাশ করেন।