টোকিও টেলিগ্রাম ডেস্ক

প্রকাশ: ১৪:৩৫, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৫৭, ১৪ জানুয়ারি ২০২৬

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত অন্ত

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত অন্ত

থাইল্যান্ডে একটি চলন্ত ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন পড়ে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কমপক্ষে ২২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।

বুধবার (স্থানীয় সময়) সকালে থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলাতে এ দুর্ঘটনা ঘটে। অঞ্চলটি রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, লাইনচ্যুত তিনটি বগির ভেতরে এখনও অনেকে আটকা পড়ে আছেন। ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নাখোন রাতচাসিমা প্রদেশের পুলিশ কর্মকর্তা কর্নেল তাতচাপোন চিন্নাউওং রয়টার্সকে বলেন,

“এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ ও ৮০ জন আহতকে উদ্ধার করা হয়েছে। তবে বগিগুলোর ভেতরে আরও হতাহত রয়েছে। ক্রেনটি সরানোর কাজ চলমান রয়েছে।”

থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকার্ন এক বিবৃতিতে জানান, ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই ঘটনাস্থলেই ক্রেনের আঘাতে প্রাণ হারান।

উল্লেখ্য, থাইল্যান্ড সরকার দেশজুড়ে দ্রুতগতির ট্রেন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে ব্যাংকক–উবন রাতচাথানি রেললাইনে নিয়মিত নির্মাণকাজ চলছিল। কাজ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

সূত্র : আলজাজিরা