কোনাক্রি ডেস্ক

প্রকাশ: ২১:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

গিনির রাজধানীতে তীব্র গোলাগুলি

গিনির রাজধানীতে তীব্র গোলাগুলি

 

আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির কেন্দ্রীয় কারাগার ও প্রেসিডেন্ট প্যালেস সংলগ্ন এলাকায় ভারি গোলাগুলির শব্দ শোনা গেছে। দীর্ঘসময় ধরে গোলাগুলি চলছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে কারাগারের আশপাশে দীর্ঘ সময় ধরে গুলির শব্দ শোনা যায়।

প্রতিবেদন বলা হয়েছে, কারা গুলি চালিয়েছে বা কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
এক প্রত্যক্ষদর্শী জানান, কনাক্রির কেন্দ্রীয় প্রশাসনিক এলাকা কালুমে সশস্ত্র নিরাপত্তা বাহিনী বহনকারী একাধিক সামরিক পিকআপ ট্রাক ও একটি মেশিনগান বসানো সাঁজোয়া যান মোতায়েন করা হয়। কালুম এলাকাতেই প্রেসিডেন্টের বাসভবন অবস্থিত।
 
খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার একটু আগে গোলাগুলি শুরু হয় এবং প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।
 
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আবদুরামানে দুকুরে জানান, তিনি গাড়িতে করে কারাগারের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় গুলির শব্দ শোনেন।

তিনি বলেন, ‘ট্রাফিক জ্যাম ছিল। গুলি শুরু হতেই সবাই যে যেদিকে পারে দৌড়ে পালানোর চেষ্টা করে।’
 
কারাগারের পাশের এক বাসিন্দা জানান, তিনি কারাগারের ভেতর থেকেও গুলির শব্দ শুনেছেন, তবে আপাতত পরিস্থিতি শান্ত হয়েছে। যদিও তিনি যোগ করেন, ‘কিন্তু এই শান্ত অবস্থা কতক্ষণ থাকবে, তা কেউ জানে না।’
 
গিনির কেন্দ্রীয় কারাগার আগেও সহিংস ঘটনার সাক্ষী হয়েছে। ২০২৩ সালে এক কারা ভাঙার ঘটনায় অন্তত নয়জন নিহত হন। ওই ঘটনায় সশস্ত্র কমান্ডোরা স্বল্প সময়ের জন্য সাবেক প্রেসিডেন্ট মুসা দাদিস কামারাকে মুক্ত করে নিয়ে যায়।