ওয়াশিংটন ডেস্ক
প্রকাশ: ২৩:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
২৭৪ আফগান সেনা নিহতের দাবি পাকিস্তানের, মধ্যপ্রাচ্যে সতর্কবার্তা যুক্তরাষ্ট্র-চীনের
আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষে ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। সাম্প্রতিক নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে এই দাবি সামনে এলো। তবে এ বিষয়ে আফগান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বিভিন্ন দেশ। নিরাপত্তা হুমকির কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি নয় এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে।
একই সঙ্গে জানানো হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আগাম নোটিশ ছাড়াই অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে মার্কিন দূতাবাস। দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ইসরায়েল-এর নির্দিষ্ট কিছু এলাকা, জেরুজালেমের পুরাতন শহর এবং পশ্চিম তীর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এছাড়া বাণিজ্যিক ফ্লাইট চালু থাকাকালীন সময়েই মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগের বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পর চীনও তাদের নাগরিকদের ইরান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, দেশটিতে অবস্থানরত চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।