ওয়াশিংটন ডেস্ক

প্রকাশ: ২২:২০, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ২২:২০, ১০ মার্চ ২০২৬

আমিরাতের আকাশে হামলা প্রতিহত: ৮ ক্ষেপণাস্ত্র ও ২৬ ড্রোন ভূপাতিতের দাবি

আমিরাতের আকাশে হামলা প্রতিহত: ৮ ক্ষেপণাস্ত্র ও ২৬ ড্রোন ভূপাতিতের দাবি

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামলায় ব্যবহৃত ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায় আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলার সময় মোট ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে। অবশিষ্ট একটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়ে।

এছাড়া আকাশে মোট ৩৫টি ড্রোন শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে ২৬টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। বাকি ৯টি ড্রোন দেশের সীমানার ভেতরে পড়ে গেছে বলে জানানো হয়েছে।

তবে এসব হামলার ফলে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।