ওয়াশিংটন ডেস্ক

প্রকাশ: ২২:৩১, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৩২, ১৮ মার্চ ২০২৬

হরমুজ প্রণালী খোলার উপায় খুঁজছে ন্যাটো, মিত্রদের সঙ্গে জোর আলোচনা

হরমুজ প্রণালী খোলার উপায় খুঁজছে ন্যাটো, মিত্রদের সঙ্গে জোর আলোচনা

আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে ন্যাটো। জোটটির মহাসচিব মার্ক রুটে বলেছেন, প্রণালীটি খুলে দেওয়ার বিষয়ে সবাই একমত এবং এর বাস্তবায়ন কীভাবে সম্ভব, তা নিয়ে যৌথভাবে কাজ চলছে।

বুধবার (১৮ মার্চ) নরওয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুটে বলেন, চলমান উত্তেজনার কারণে প্রণালীটি প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য স্বাভাবিক রাখতে দ্রুত এটি চালু করা জরুরি।

তিনি আরও জানান, মিত্র দেশগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখা হচ্ছে এবং বিভিন্ন বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। সবার লক্ষ্য এক—সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি কার্যকর সমাধান বের করা।

এর আগে, চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর কয়েকটি সদস্য দেশের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, তার আহ্বান সত্ত্বেও কিছু দেশ তেলবাহী জাহাজের নিরাপত্তায় যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব হলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে, যা বর্তমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।