ওয়াশিংটন ডেস্ক

প্রকাশ: ২২:০৬, ২৭ মার্চ ২০২৬

ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে রাশিয়ার সহায়তার অভিযোগ জার্মানির

ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে রাশিয়ার সহায়তার অভিযোগ জার্মানির

ইরানকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু চিহ্নিত করতে রাশিয়া সহায়তা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতেই মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কাজে লাগাতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাডিপুল এসব মন্তব্য করেন। তিনি জানান, বৈঠকের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর সঙ্গে আলোচনায় জার্মানির উদ্বেগ ও অবস্থান তুলে ধরেছেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান উত্তেজনা কমে এলে হরমুজ প্রণালি অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে জার্মানি গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

তিনি অভিযোগ করে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল হয়ে উঠলে ইউক্রেন যুদ্ধ থেকে দৃষ্টি সরানোর সুযোগ তৈরি হবে—এমন হিসাব করছে মস্কো। তার ভাষায়, দুই অঞ্চলের সংঘাতের মধ্যে স্পষ্ট সংযোগ দেখা যাচ্ছে এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্য দিয়ে রাশিয়া ইরানকে সহায়তা করছে বলেই ধারণা করছে জার্মানি।