ওয়াশিংটন ডেস্ক

প্রকাশ: ২৩:০৯, ১৭ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের এই শর্ত মেনে নিয়েছে যে, তারা পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। আর যদি ইসলামাবাদে কোনো চুক্তি হয়, তাহলে "আমি হয়তো নিজেও সেখানে যেতে পারি।"

বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রায় সব শর্ত মেনে নিয়েছে

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং গত সপ্তাহে ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রথম দফা আলোচনা হয়েছে।

আলোচনার সময় এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন, তিনি কি ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পাকিস্তানে যাবেন?

জবাবে তিনি পাকিস্তানের প্রশংসা করে বলেন, "আমি হয়তো যাব, হ্যাঁ। যদি ইসলামাবাদে চুক্তিটি স্বাক্ষরিত হয়, আমি হয়তো যাব। ফিল্ড মার্শাল (আসিম মুনির) চমৎকার, প্রধানমন্ত্রী (শেহবাজ শরীফ) পাকিস্তানে সত্যিই অসাধারণ । তাই আমি হয়তো যাব। তারা আমাকে চায়।"

এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষই দ্বিতীয় দফা আলোচনার তারিখ ঘোষণা করেনি। তবে ট্রাম্প বলেছেন, "আমার মনে হয় আমরা ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি।"

তিনি দাবি করেন, ইরান ২০ বছর পর্যন্ত পারমাণবিক অস্ত্র অর্জন না করার ব্যাপারে সম্মত হয়েছে।

"ভালো লাগছে যে আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির দিকে এগোচ্ছি, এবং এটি একটি ভালো চুক্তি হবে, যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না।"

ট্রাম্পের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

হোয়াইট হাউসে মি. ট্রাম্প বলেছিলেন যে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করতে সম্মত হয়েছে এবং তারা সেই বস্তু হস্তান্তর করবে, যাকে তিনি অভিহিত করেছেন 'পারমাণবিক ধূলিকণা' হিসেবে—যা মূলত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ধারণা করা হয় যে, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর তা মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

প্রেসিডেন্টের এই দাবির বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।