ওয়াশিংটন ডেস্ক

প্রকাশ: ০০:১৫, ২১ এপ্রিল ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী উপসাগরে একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে।

তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, 'তৌসকা' নামের জাহাজটিকে থামার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে। তাই জাহাজটিকে জব্দ করা হয়।

অন্যদিকে, ইরান বলেছে যে, এটি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তারা শীঘ্রই এই সশস্ত্র জলদস্যুতার ঘটনার জবাব দিবে।

এ ঘোষণার আগে হোয়াইট হাউজ নিশ্চিত করে যে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তেহরান এখনো দ্বিতীয় দফা আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ চলতে থাকলে তারা আলোচনায় অংশ নেবে না।

ট্রাম্প লিখেছেন, "আজ তৌসকা নামের প্রায় ৯০০ ফুট দীর্ঘ একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আমাদের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সেটি তাদের জন্য ভালো হয়নি।"

তিনি আরও বলেন, জাহাজটিকে থামার জন্য সতর্ক করা হয়েছিল, কিন্তু জাহাজটি তা মানেনি। "তাই আমাদের নৌবাহিনীর জাহাজ ইঞ্জিনরুমে গুলি চালিয়ে সেটিকে থামিয়ে দেয়।"