ওয়াশিংটন ডেস্ক

প্রকাশ: ২২:৩৪, ২৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৩৫, ২৩ জানুয়ারি ২০২৬

আকাশচুম্বী ভবন, পর্যটনের সুযোগসহ ’নতুন গাজার’ পরিকল্পনা জানালো যুক্তরাষ্ট্র

আকাশচুম্বী ভবন, পর্যটনের সুযোগসহ ’নতুন গাজার’ পরিকল্পনা জানালো যুক্তরাষ্ট্র

গাজাকে নতুন করে গড়ে তোলার একটি পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে 'নিউ গাজা'। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডটিকে একেবারে নতুনভাবে পুনর্গঠনের কথা বলা হয়েছে এতে।

'নিউ গাজা' নিয়ে উপস্থাপিত স্লাইডে দেখা গেছে, ভূমধ্যসাগরের তীরজুড়ে সারি সারি উঁচু ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। রাফাহ এলাকায় থাকবে আবাসিক প্রকল্প।

একটি মানচিত্রে দেখানো হয়, গাজার প্রায় ২১ লাখ মানুষের জন্য ধাপে ধাপে নতুন আবাসিক এলাকা, কৃষিজমি ও শিল্পাঞ্চল তৈরি করা হবে।

সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক স্বাক্ষর অনুষ্ঠানে এসব পরিকল্পনা তুলে ধরা হয়।

সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বোর্ড অব পিসের ঘোষণা দেওয়া হয়। এই বোর্ডের দায়িত্ব হবে ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের কার্যক্রম পরিচালনা করা।

ট্রাম্প ঘোষণা দেন, "আমরা গাজায় সফল হতে যাচ্ছি। এটা দেখার মতো জিনিস হতে যাচ্ছে।"

"মনে-প্রাণে আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং এটি পুরোপুরি জায়গার খেলা। সমুদ্রের ধারের এই জায়গাটি দেখুন। এই অসাধারণ ভূখণ্ডটি দেখুন। অনেক মানুষের জন্য এটি অনেক বড় কিছু হয়ে উঠতে পারে," যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।